পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ১৮
পাকিস্তানের বন্দরনগর করাচিতে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। হাসপাতালের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার সকালে লানদি রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর করাচির সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান সিমিন জামিল রয়টার্সকে বলেন, ১৮ জনকে মৃত ও ৪০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে ডনের খবরে জানানো হয়, স্টেশনে লাহোর থেকে আসা ফরিদ এক্সপ্রেস বিরতিতে দাঁড়িয়ে ছিল। কিন্তু মুলতান থেকে আসা জাকারিয়া এক্সপ্রেস ট্রেনটি আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর লেবার সিনেটর-বিষয়ক উপদেষ্টা সাঈদ গনি বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ পেছন থেকে আসা ট্রেনটিকে ভুল সিগনাল দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের বিভাগীয় তত্ত্বাবধায়ক নাসির নাজির এএফপিকে বলেন, দুটি ট্রেনে এক হাজারের বেশি যাত্রী ছিল।
দুর্ঘটনায় ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, দুটি ট্রেনেরই ব্যাপক ক্ষতি হয়েছে।
উদ্ধারকর্মীরা ট্রেনের বিভিন্ন অংশ কেটে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করছেন। আহত ব্যক্তিদের কাছাকাছি হাসপাতালে পাঠানো হচ্ছে।