পাকিস্তানে নওয়াজের কড়া সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মহলে যতই স্বাগত জানানো হোক, পাকিস্তানের বিরোধী দলগুলো মোদি-নওয়াজ বৈঠকে সন্তুষ্ট নয়। বিশেষ করে নওয়াজ শরিফ কাশ্মীরের বিষয়টি না তোলায় তারা হতাশ। তাদের অভিযোগ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতকে খুশি করার চেষ্টাই করেছেন। খবর দ্য ডনের।
রাশিয়ার উফার কংগ্রেস হলে মোদি-নওয়াজ করমর্দনের ছবি প্রচারিত হওয়ার কিছু পরই সিনেটর রেহমান মালিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। একজন মুখপাত্র বলেছেন, রেহমান মালিক বলেছেন, ‘নওয়াজ শরিফের প্রতি মোদি কতটা অশ্রদ্ধাপূর্ণ ছিলেন, তা দুই নেতার বৈঠকে স্পষ্ট।’
দুই শীর্ষ নেতার সাক্ষাতের ধরন বর্ণনা করতে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মালিক ভারতের প্রধানমন্ত্রীকে রাশিয়ার জারের (অতীতের রুশ সম্রাট) সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে একটি দীর্ঘ করিডোর ধরে হেঁটে মোদির চেয়ার/সিংহাসনের দিকে যেতে হয়। তিনি (মোদি) কয়েক কদম এগিয়ে গিয়ে তাঁর পাকিস্তানি প্রতিপক্ষকে স্বাগত জানানোর মতো ন্যূনতম কূটনৈতিক সৌজন্য দেখাননি।’
বিবৃতির শেষে রেহমান মালিক মোদির ভাবভঙ্গিকে ‘রূঢ় ও অকূটনীতিসুলভ’ আখ্যা দেন এবং পাকিস্তানিদের অনুভূতিকে ‘মারাত্মকভাবে আহত করার’ জন্য নওয়াজ শরিফকে তিরস্কার করেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের শিরিন মাজারিও একহাত নিয়েছেন সরকারের ওপর। নওয়াজ শরিফ বৈঠকে ভারতকে তুষ্ট করার চেষ্টা করেছেন মন্তব্য করে বিতৃষ্ণা প্রকাশ করেছেন শিরিন। তিনি আরও বলেন, রাষ্ট্রাচার অনুযায়ী ভারতীয় সরকারপ্রধানকে নওয়াজের আমন্ত্রণ জানানোরও খুব দরকার ছিল না।
কাশ্মীর সংকট এবং বেলুচিস্তানের সমস্যায় ‘ভারতের ভূমিকার’ বিষয়ে নওয়াজের নীরবতায়ও অসন্তোষ প্রকাশ করেছেন পিটিআইয়ের জ্যেষ্ঠ নেত্রী মাজারি। তিনি বলেন, ‘মোদি মুম্বাই হামলার কথা বলতেই নওয়াজ তদন্ত দ্রুত এগিয়ে নিতে রাজি হলেন। কিন্তু তিনি সমঝোতা এক্সপ্রেস নিয়ে একটি কথাও বললেন না।’
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখপাত্র মুসাদ্দিক মালিক এসব সমালোচনায় খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘তাঁর (রেহমান মালিক) মতো বন্ধু থাকলে কি আর শত্রু লাগে? তিনি তিলকে তাল করছেন। আন্তর্জাতিক মাপের দুজন নেতার বৈঠকে এসব ছোটখাটো বিষয়ে কিছু আসে যায় না।’
মুসাদ্দিক মালিক বলেন, পবিত্র রমজানের শুভেচ্ছা জানানোকে উপলক্ষ করে মোদিই প্রথমে নওয়াজের সঙ্গে যোগাযোগ করেন।
ভারত ও পাকিস্তানের সরকারপ্রধানদের বৈঠক বরাবরই উভয় পক্ষের সমালোচকদের কড়া নজরদারি ও বিশ্লেষণের বিষয়বস্তু হয়েছে। মোদি ক্ষমতায় আসার আগে নওয়াজ শরিফ ও তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাক্ষাতের আগে একটি বিতর্ক শুরু হয়। এ নিয়ে যে খবর বের হয়, তা দৃশ্যত মূল বৈঠকের চেয়েও বড় স্থান পায়।