পাকিস্তানে নয়, মোল্লা ওমর মারা যান আফগানিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান তালেবানের সাবেক প্রধান মোল্লা মোহাম্মদ ওমর পাকিস্তানে মারা যাননি বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের সরকার মোল্লা ওমর দুই বছর আগে পাকিস্তানের এক হাসপাতালে মারা গেছেন বলে জানানোর এক সপ্তাহ পর পাকিস্তান তা অস্বীকার করল। খবর এপির।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেন, মোল্লা ওমরের মৃত্যু হয় আফগানিস্তানে। সেখানেই তাঁকে সমাধিস্থ করা হয়।
গত শুক্রবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা হয়, ‘মোল্লা ওমর পাকিস্তানের কোয়েটা কিংবা করাচি শহরে মারা গেছেন, এমন খবরের সত্যতা আমরা পুরোপুরি অস্বীকার করছি।’
কাবুল কর্তৃপক্ষ গত ২৯ জুলাই আকস্মিকভাবে ঘোষণা করে, প্রায় দুই বছর আগে করাচির একটি হাসপাতালে মোল্লা ওমরের মৃত্যু হয়েছে। এর পরদিন তালেবানের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়। কিন্তু তারাও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।