পাকিস্তানে নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তে রাজি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনে সম্মত হয়েছে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)। 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বিরোধী নেতা ইমরান খানের সঙ্গে কয়েক মাস ধরে চলা আলোচনার পর নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনে গতকাল শুক্রবার রাজি হয় পিএমএল-এন।
সমঝোতার বিষয়টি জানাতে গতকাল রাজধানী ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান।
সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের বিষয়ে তাঁরা একমত হয়েছেন।
পাকিস্তানে ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল বিজয় নিয়ে সরকার গঠন করে নওয়াজ শরিফের পিএমএল-এন। নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করে ইমরান খানের দল। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবি করে আসছিলেন ইমরান।
দাবি আদায়ে আলোচিত ধর্মীয় নেতা তাহির-উল-কাদরিকে সঙ্গে নিয়ে গত বছরের আগস্টে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ করেন ইমরান। পরে এই লংমার্চ অবস্থান কর্মসূচির রূপ নেয়। তবে গত বছরের ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে তালেবানের হামলায় শিক্ষার্থীসহ ১৫৪ জন নিহত হলে কর্মসূচি প্রত্যাহার করে নেন তেহরিক-ই-ইনসাফ দলের নেতা। এরপর নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান তিনি।