পাকিস্তানে নয় জঙ্গির মৃত্যুদণ্ড
পাকিস্তানের সামরিক আদালত আজ শুক্রবার সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে নয় জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ২০১৪ সালের ডিসেম্বরের পর থেকে সামরিক আদালতে বিচার করে দেশটিতে এখন পর্যন্ত ৩০০ ফাঁসি কার্যকর করা হয়েছে। অবশ্য সমালোচকেরা এ বিচারের মান নিয়ে প্রশ্ন তোলেন।
পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান আজ শুক্রবার নয় জঙ্গির মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এই জঙ্গিরা ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল।
মৃত্যুদণ্ড পাওয়া এ জঙ্গিদের তালিকায় রয়েছে তালেবান সদস্য মোহাম্মদ ঘুরি এবং হরকাতুল জিহাদের কর্মী আবদুল কাইয়ুম ও সিপাহ-ই-সাহাবা পাকিস্তানের কয়েকজন সদস্য। মোহাম্মদ ঘুরি রাওয়ালপিন্ডির একটি মসজিদে হামলার অভিযোগে অভিযুক্ত আর আবদুল কাইয়ুম ইন্টার সার্ভিস ইনটেলিজেন্সের কার্যালয়ে গাড়ি বোমা আক্রমণের জন্য অভিযুক্ত। এ ছাড়া সেনা সদস্যদের ওপর হামলার দায়ে দুই জঙ্গিকে এবং শিয়া সম্প্রদায়ের ওপর হামলার দায়ে সিপাহ-ই-সাহাবার পাঁচ সদস্যকে ফাঁসির এ দণ্ড দেওয়া হয়। তথ্যসূত্র: এএফপি