পাকিস্তানে পাঁচ দিন ধরে শনাক্ত হাজারের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ
ছবি: রয়টার্স

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে টানা পাঁচ দিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো। আজ সোমবার পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ৪৫ হাজার ২৪৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ৩৪৭ জনের পজিটিভ আসে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ।

এনসিওসির তথ্য অনুযায়ী, পাকিস্তানে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯ লাখ ৬৩ হাজার ৬৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মোট মারা গেছেন ২২ হাজার ৪২৭ জন।

পাকিস্তানে করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৭ হাজার ৯৩৪ জন। পাকিস্তানে এই মুহূর্তে করোনায় সংক্রমিত রোগী রয়েছেন ৩৩ হাজার ২৯৯ জন।

পাকিস্তানের প্রদেশভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, পাঞ্জাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৮৫২ জন।

অন্য প্রদেশগুলোর মধ্যে সিন্ধুতে ৩ লাখ ৪০ হাজার ৯০২ জন, খাইবার পাখতুনখাওয়াতে ১ লাখ ৩৮ হাজার ৫৩৩ জন, রাজধানী ইসলামাবাদে ৮২ হাজার ৯৬৯ জন, বেলুচিস্তানে ২৭ হাজার ৪১৯ জন, গিলগিট-বালতিস্তানে ৬ হাজার ৪২৭ জন, আজাদ জম্মু-কাশ্মীরে ২০ হাজার ৫৫৮ জন শনাক্ত হয়েছে।