পাকিস্তানে পার্লামেন্টে নারী সদস্যকে 'হেনস্তা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত সাহার আব্বাসি
নুসরাত সাহার আব্বাসি

পাকিস্তানে পার্লামেন্টেই এক নারী এমপিকে হেনস্তার অভিযোগ উঠেছে এক মন্ত্রীর বিরুদ্ধে। গত শুক্রবারের ওই ঘটনার পর ওই নারী আত্মহত্যার হুমকি দিয়েছেন।
নুসরাত সাহার আব্বাসি নামের সিন্ধু প্রদেশের ওই সাংসদের অভিযোগ, পার্লামেন্টে গত শুক্রবার বিতর্ক চলা অবস্থায় প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি তাঁকে পার্লামেন্টে নিজের খাসকামরায় যেতে বলেন। রক্ষণশীল পাকিস্তানে এ ধরনের আহ্বানকে ‘শ্লীলতাহানি’ বলেই বিচার করা হয়। নুসরাতের অভিযোগ, নারীর অধিকার রক্ষার আইনগুলো পাকিস্তানে যে কতটা অকার্যকর, তা এ ঘটনার মাধ্যমেই পরিষ্কার হয়ে গেছে।
নুসরাত আরও অভিযোগ করেন, মন্ত্রীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কড়া প্রতিবাদ জানান। কিন্তু অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার, যিনি নিজেও একজন নারী, কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানান।
শুক্রবারের ওই ঘটনার পর ক্ষুব্ধ নুসরাত সাহারকে শনিবার একটি ছবিতে ছোট একটি বোতল হাতে দেখা যায়। তিনি হুমকি দেন, এই অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলে বোতলে থাকা পেট্রল শরীরে ঢেলে আত্মাহুতি দেবেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে কেন্দ্রীয় নেতারা হস্তক্ষেপ করতে বাধ্য হন। চাপে পড়ে প্রাদেশিক মন্ত্রী পিতাফি সংসদ অধিবেশনে ক্ষমা চেয়ে নুসরাতকে চাদর পরিয়ে দেন, যা নারীর প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে মূল্যায়িত হয়।
গত মঙ্গলবার নুসরাত বলেন, বিষয়টা সুরাহা হয়ে গেছে, কিন্তু নারীকে রক্ষার আইনগুলো কতটুকু কার্যকর, এ ঘটনায় সে প্রশ্নটাও উঠে এসেছে। তিনি বলেন, ‘আইনগুলোর প্রয়োগ এখনো স্বপ্নের বিষয়। এমনকি, আমরা যাঁরা সাংসদ, তাঁরাও নিরাপদ নই।’
সাম্প্রতিক বছরগুলোয় নারী সুরক্ষা ও অধিকার নিশ্চিতে বেশ কয়েকটি আইন পাস হয়েছে পাকিস্তানে। তবে সমালোচকেরা বলেছেন, আইনগুলোর সঠিক প্রয়োগ না হলে পরিস্থিতির খুব একটা উন্নতি সম্ভব নয়।