পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইনের ছেলে সালমান মামনুনকে বহনকারী গাড়িবহরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। এ ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। তবে সালমানের কোনো ক্ষতি হয়নি। খবর এএফপির।
পুলিশ জানায়, সালমানের গাড়িবহর রোববার রাতে করাচি সীমান্তের কাছ দিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে পেতে রাখা গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা।
স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা শাহ জানান, বিস্ফোরণ ঘটার আগেই সালমানকে বহনকারী গাড়িটি ওই স্থান পার হয়ে যায়। তাই তাঁর কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের মধ্যে পড়ে বহরের শেষ গাড়িটি ও একটি রিকশা। এতে রিকশাচালক, আরোহী ১২ বছরের এক কিশোর ও এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহিদ উল্লাহ এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হামলার লক্ষ্যবস্তু ছিলেন প্রেসিডেন্টের ছেলে।’
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। এএফপিকে দেওয়া এক টেলিফোন বার্তায় বলা হয়, বেলুচিস্তানের বিভিন্ন স্থানে সামরিক অভিযানের পাল্টা জবাব দিতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।