পাকিস্তানে বন্যায় ৫৩ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্নভাবে আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। মুষলধারে বৃষ্টিতে আকস্মিক এ বন্যা দেখা দেয়। গতকাল রোববার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।
জুলাই মাসের মাঝামাঝি পাকিস্তানে বর্ষা মৌসুম শুরু হওয়ার কথা। কিন্তু এর আগেই গত শনিবার রাতে শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি। এতে খাইবার পাখতুনখাওয়া, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের কিছু অংশে দেখা দেয় বন্যা। ভূমিধসের ঘটনাও ঘটে।
আকস্মিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় খাইবার পাখতুনখাওয়ার (কেপি) মালাকান্দ বিভাগের শাংলা জেলা। সেখানে মারা যায় ১৯ জন। প্রবল বর্ষণে সেখানকার কিছু কাঁচা ঘরবাড়ি ধসে পড়ে। কেপি প্রদেশের সোয়াত ভ্যালির উত্তরাঞ্চলের বাসিন্দা হাবিব খান বলেন, ‘সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সহায়তা করতে এগিয়ে আসেনি।’