পাকিস্তানে বাসে উঠে গুলি, নিহত ৪৩

পাকিস্তানের করাচিতে যাত্রীবাহী একটি বাসে অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালিয়েছে। এতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বাসটিতে ইসমাইলি সম্প্রদায়ের সদস্যরা ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে করাচির সাফুরা চক এলাকায় বাসটিতে হামলা হয়।
সিন্ধু পুলিশের মহাপরিদর্শক গুলাম হায়দার জামালি বলেন, বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। ছয়জন অস্ত্রধারী বাসের ভেতরে প্রবেশ করে ৪৩ জনকে গুলি করে হত্যা করে।
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, অস্ত্রধারীরা হত্যাকাণ্ডে নাইন এমএম পিস্তল ব্যবহার করেছে। হামলা শেষে তারা নির্বিঘ্নে পালিয়ে গেছে।
হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, ১৬ জন নারী। নিহত ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ছয় থেকে আটজন ব্যক্তি (অস্ত্রধারী) তিন বা চারটি মোটরসাইকেলে করে এসে বাসটিতে হামলা চালায়।
তবে ভিডিওচিত্রে বাসটির বাহ্যিক কাঠামোতে গুলির কোনো চিহ্ন দেখা যায়নি। এর অর্থ দাঁড়ায় হামলাকারীরা বাসের ভেতরে প্রবেশ করে যাত্রীদের গুলি করে হত্যা করেছে।
ভুক্তভোগী এক যাত্রীর বরাত দিয়ে এক উদ্ধার কর্মকর্তা বলেন, হামলাকারীরা পুলিশের ব্যবহার করা পোশাক পরে ছিল।
তদন্ত কর্মকর্তা তারিক জাদুন বলেন, ঘটনাস্থল থেকে নীল রঙের কিছু ক্যাপ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা রক্ষীরা এ ধরনের ক্যাপ ব্যবহার করেন। এ ছাড়া সেখান থেকে নাইন এমএম পিস্তলের গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, হামলাকারীরা বাসে উঠে যাত্রীদের মাথায় গুলি করেছে।
পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, অস্ত্রধারীরা প্রথমে বাসটি থামিয়েছে। এরপর বাইরে থেকে গুলি করেছে। তারপর তারা বাসের ভেতরে প্রবেশ করেছে। বাসের ভেতরে প্রবেশ করে নির্বাচারে গুলি ছোড়ে। আরোহীদের কেউ অক্ষত আছেন কি না, তা দেখার পর হামলাকারীরা চলে যায়।
কর্মকর্তারা বলছেন, ৫২ জন যাত্রী ধারনের ক্ষমতা রয়েছে বাসটির। কিন্তু বাসে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। বাসের আরোহীদের অধিকাংশই ছিলেন ইসমাইলি সম্প্রদায়ের সদস্য।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জাতিগত সহিংসতা বেড়েছে। দেশটিতে বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে। ইসমাইলিরা শিয়াদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা পাকিস্তানের মোট জনসংখ্যার ২০ শতাংশ।