পাকিস্তানে বাসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৮
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চীনের ছয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্থানীয় সময় আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে প্রদেশের কোহিস্তান জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি শ্রমিকদের নিয়ে নিকটবর্তী দাসু হাইড্রোপাওয়ার প্ল্যান্টে যাচ্ছিল।
স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, বিস্ফোরণের পর বাসটি একটি খাদে পড়ে যায়। এ সময় চীনের ছয় নাগরিক, একজন সেনাসদস্য এবং স্থানীয় একজন বাসিন্দা নিহত হন। এখন পর্যন্ত এক চীনা প্রকৌশলী ও একজন সেনাসদস্য নিখোঁজ। আহত ব্যক্তিদের উদ্ধারের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে।
কোহিস্তান জেলায় ডেপুটি কমিশনার আরিফ খান ইউসুফজাদি পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনকে বলেন, ৩০ যাত্রী নিয়ে বাসটি বারসিন ক্যাম্প থেকে হাইড্রোপাওয়ার প্ল্যান্টটিতে যাচ্ছিল। তাতে বিদেশি প্রকৌশলী, নিরাপত্তা বাহিনীর সদস্য ও প্ল্যান্টের শ্রমিকেরা ছিলেন।
ইউসুফজাদি আরও জানান, বিস্ফোরক বাসের মধ্যে রাখা ছিল, নাকি রাস্তায় পোঁতা ছিল, তা এখনই জানা যায়নি। বিস্ফোরণের পর উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
পুলিশের এক কর্মকর্তা ডনকে জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। এ কারণে ওই এলাকা থেকে তথ্য পেতে সমস্যা হচ্ছে।
দাসু হাইড্রোপাওয়ার প্ল্যান্ট চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) একটি প্রকল্প। সেখানে বেশ কয়েক বছর ধরে চীনের অনেক প্রকৌশলী ও পাকিস্তানি শ্রমিকেরা কাজ করছেন।