পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে ৬২ জন নিহত
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে গতকাল রোববার তেলবাহী ট্যাংকারের সঙ্গে একটি বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ৬২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর এএফপি ও ডনের।
অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি বন্দরনগর করাচি থেকে শিকারপুর শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ জানায়, তেলবাহী ট্যাংকারটি মহাসড়কের ভুল পাশ দিয়ে চলছিল। সড়কের সেই অংশটি ভাঙাচোরা ছিল।
ট্যাংকারের বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লে সব লাশ পুড়ে যায়। তাই নিহত লোকজনের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। করাচির জিন্নাহ হাসপাতালের চিকিৎসক সেমি জামালি বলেন, তাঁরা কমপক্ষে ৫৭টি লাশ পেয়েছেন। সব লাশ সম্পূর্ণ পুড়ে গেছে। একটি অপরটির সঙ্গে লেগে ছিল। অন্তত ছয়টি শিশুর লাশ নারীদের (সম্ভবত তাদের মা) লাশের সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া যায়।
করাচির বাসিন্দা গুল হাসান ওই দুর্ঘটনায় নয়জন আত্মীয়কে হারিয়েছেন। কিন্তু লাশ দেখে কাউকেই চিনতে পারেননি।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাও মুহাম্মদ আনোয়ার বলেন, বাসটিই প্রথমে ট্যাংকারকে ধাক্কা দিয়েছিল। তবে বাসচালক ও ট্যাংকারের চালকের মধ্যে কে ভুল বা দায়িত্বে অবহেলা করেছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। বাসের কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচতে পেরেছেন।