পাকিস্তানে বিতর্কিত সামরিক আদালত পুনর্বহাল হচ্ছে
পাকিস্তানে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ ওঠা বেসামরিক লোকজনের বিচারের জন্য গোপন সামরিক আদালত পুনর্বহালের বিল পাস করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। মানবাধিকারকর্মীদের সমালোচনা উপেক্ষা করেই গত মঙ্গলবার বিলটি পাস করা হয়। এর কয়েক দিন আগে নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিলটি পাস হয়।
এই বিল পাস করার ফলে আরও দুই বছরের জন্য গোপন সামরিক আদালত প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলো। বিলটি সিনেটে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। বিলটি কার্যকর হতে এখন প্রয়োজন পাকিস্তানের প্রেসিডেন্টের স্বাক্ষর।
ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্ট এই উদ্যোগের নিন্দা জানিয়েছে। সংস্থাটির এশিয়াবিষয়ক পরিচালক স্যাম জারিফি বলেন, এটি সন্ত্রাসবাদ মোকাবিলার ভুল কৌশল। এই উদ্যোগের ফলে আইনের শাসন দুর্বল হবে। পাকিস্তানের উচিত এই ভুল পন্থা প্রত্যাখ্যান করা।
গত ৭ জানুয়ারি বিতর্কিত এই সামরিক আদালতের মেয়াদ শেষ হয়। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত স্কুলে জঙ্গি হামলায় শিশু শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি নিহত হওয়ার পর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন সন্দেহভাজন ব্যক্তিদের বিচারে গোপন সামরিক আদালত প্রতিষ্ঠা করা হয়। এ আদালতের প্রথম দফার দুই বছর মেয়াদকালে ১৪৯ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।