পাকিস্তানে বিতর্কিত সামরিক আদালতের মেয়াদ বাড়ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে জঙ্গি ও সন্ত্রাসী হামলা মামলার বিচারের জন্য গঠিত সামরিক আদালতের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধান দলগুলো। সামরিক আদালতের মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্কের মধ্যে গতকাল মঙ্গলবার পার্লামেন্টের বেশির ভাগ রাজনৈতিক দলের নেতারা এ অবস্থান নেন।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবানের নৃশংস হামলায় ১৩২ শিশু-কিশোর শিক্ষার্থীসহ প্রায় দেড় শ মানুষ নিহত হওয়ার পর ওই আদালত গঠন করা হয়। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত বেসামরিক ব্যক্তিদের ওই সামরিক আদালতে বিচারের সুযোগ ছিল। এ নিয়ে বিতর্ক থাকলেও সম্প্রতি পাকিস্তানে পরপর কয়েকটি রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর এর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
গতকাল পার্লামেন্টে আলোচনায় ক্ষমতাসীন মুসলিম লিগ এবং বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা সামরিক আদালতের মেয়াদ দুই বছর বাড়ানোর ব্যাপারে একমত হন। তবে আরেক বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পার্লামেন্টে উপস্থিত ছিল না। দলটি এ নিয়ে আলোচনার জন্য ৪ মার্চ সর্বদলীয় সম্মেলনের আহ্বান জানিয়েছে। এর আগে ২০১৪ সালে এই উদ্যোগের বিরোধিতা করেছিল দলটি।
বিশেষ সামরিক আদালত গঠনের সময় এর বিরোধিতা করে সাবেক প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরী বলেছিলেন, এটি গঠন ‘অসাংবিধানিক’ হবে।
গতকাল পার্লামেন্টের অধিবেশনের পর অর্থমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন, সর্বদলীয় সম্মেলনের পর পিপিপিও এই আদালতের মেয়াদ বাড়ানোর পক্ষে অভিমত দেবে। এরপর ৬ মার্চ পার্লামেন্টের সব কটি দলের সম্মতিতে এই সিদ্ধান্ত পাস করা হবে।
বিরোধীদলীয় নেতা শাহ মাহমুদ কোরেশি বলেন, এই আদালতের পক্ষে ইতিবাচক মত দেওয়া হয়েছে। কারণ এটা সময়ের দাবি। তিনি বলেন, সরকার সামরিক আদালতের মেয়াদ তিন বছর বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে পার্লামেন্ট সদস্যরা তা দুই বছর বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। দুই বছর পর এ আদালতে বিচারের অপেক্ষায় থাকা মামলাগুলো সন্ত্রাসবিরোধী আদালতে স্থানান্তর করা হবে। কোরেশি আরও বলেন, বিশেষ সামরিক আদালতের কার্যক্রম পর্যালোচনার জন্য একটি পার্লামেন্টারি কমিটি করা হবে। তারা প্রতি মাসে একবার করে বৈঠক করবে।