পাকিস্তানে বিমান হামলায় অন্তত ২১ জঙ্গি নিহত
পাকিস্তানে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২১ জন জঙ্গি নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আফগানিস্তান সীমান্তের কাছে গতকাল রোববার জঙ্গিদের গোপন আস্তানায় ওই হামলাগুলো চালানো হয়। খবর এএফপির।
খাইবার এলাকার কুকি খেলে বিমান হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। ওই এলাকায় তালেবান ও আরেকটি নিষিদ্ধ সংগঠন লশকর-ই-ইসলামের লোকজন আশ্রয় নিয়েছে।
সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, খাইবারে নিখুঁতভাবে চালানো বিমান হামলায় তিনটি আস্তানায় অন্তত ১০ জন জঙ্গি নিহত হয়েছে। আর উত্তর ওয়াজিরিস্তান এলাকার প্রত্যন্ত দাত্তা খেল গ্রামে আলাদা হামলায় আরও ১১ জন জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তান ২০০৪ সাল থেকে আধা স্বায়ত্তশাসিত উপজাতীয় এলাকায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। আফগানিস্তানে মার্কিন অভিযানের পর পালিয়ে আসা তালেবান জঙ্গিদের দমন করতে পাকিস্তানের সেনাবাহিনী ওই অঞ্চলে প্রবেশ করে।