পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা, ৮ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর দুটি বিমানঘাঁটিতে আজ শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে আট জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে আত্মঘাতী কোমরবন্ধ পরা সশস্ত্র জঙ্গিরা ওই বিমানঘাঁটিগুলোতে হামলা চালায়। রাতভর বন্দুকযুদ্ধের পর সকালে ওই আটজন নিহত হয়।

কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জঙ্গিরা বিমানঘাঁটি দুটিতে হামলা চালায়। পরে বন্দুকযুদ্ধে সকাল সাড়ে সাতটার দিকে তারা নিহত হয়। এ ঘটনায় আহত হয় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানান, প্রাদেশিক রাজধানী কোয়েটায় অবস্থিত বিমান বাহিনীর ব্যবহূত সামুংলি বিমানঘাঁটি ও সেনাবাহিনীর ব্যবহূত খালিদ বিমানঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। তবে তারা ধ্বংসাত্মক কোনো কিছু করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে।

কর্নেল মকবুল আহমেদ জানান, রাতভর জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় সামুংলি বিমানঘাঁটিতে পাঁচজন ও খালিদ বিমানঘাঁটিতে তিনজন নিহত হয়। আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য। তিনি বলেন, হামলাকারীরা অস্ত্রধারী ছিল। তাদের শরীরে আত্মঘাতী বোমা বাঁধা কোমরবন্ধ ছিল। তারা একটি সুজুকি পিকআপ ভ্যানে সামুংলি বিমানঘাঁটিতে গিয়ে দেয়াল ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে নিজেদের শরীরে বাঁধা বোমা বিস্ফোরণে জঙ্গিদের মৃত্যু হয়। তারা দেখতে এশিয়া ও উজবেক অঞ্চলের বলে মনে হয়েছে।

মকবুল বলেন, খালিদ বিমানঘাঁটিতে হামলার সময় তিনজন নিহত হয়। তাদের মধ্যে দুজন আত্মঘাতী বোমা বহন করে। তিনি জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আহত হয়েছে।