পাকিস্তানে বিষাক্ত মদ পানে মৃত্যু ২১ জনের
পাকিস্তানের মধ্যাঞ্চলে বিষাক্ত মদ পান করে ২১ জন মারা গেছেন। অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ৫০ জন। রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণের তোবা তেক সিং নগরের খ্রিষ্টান কলোনিতে বড়দিনের উৎসব উপলক্ষে মদ পানের পর এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ নাদিম গতকাল মঙ্গলবার এএফপিকে বলেন, মোবারকবাদ বস্তির বাসিন্দারা বড়দিন উপলক্ষে আনন্দ করতে চোলাই মদ তৈরি করে তা পান করেন। এতে ২১ জনের মৃত্যু হয় ও আরও ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। নাদিম জানান, যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে ১৯ জন খ্রিষ্টান ও ২ জন মুসলিম।
গত অক্টোবরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক পার্টিতে বিষাক্ত মদ পানে ১১ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৪ সালের অক্টোবরে ক্ষতিকর মেথানল মেশানো তরল পান করে মৃত্যু হয়েছিল অন্তত ২৯ জনের।
পাকিস্তানে বৈধভাবে মদ তৈরির কিছু কারখানা থাকলেও মুসলিমদের জন্য মদ বিক্রি ও পান নিষিদ্ধ। তা ছাড়া, সংখ্যালঘু সম্প্রদায় ও বিদেশিদের মদ পানের বিষয়টিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।