পাকিস্তানে বৃত্তভাঙা এক তরুণী

তালেবান ও জঙ্গি হামলার কারণে নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান প্রায়ই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে থাকে। ভারত-পাকিস্তান সম্পর্ক, কাশ্মীর সমস্যা, খেলাধুলা, পারিবারিক সম্মান রক্ষায় হত্যা, বোমা হামলাসহ নানান কারণে বিশ্বে পরিচিত পাকিস্তান। পিতৃতান্ত্রিক শাসনের বেড়াজালে আবদ্ধ দেশটির এক তরুণী মোটরসাইকেলে বিপদসংকুল হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। পাকিস্তানও যে বিশ্বের অন্যতম সুন্দর দেশ এবং পর্যটকেরা সেখানে যেতে পারেন—তা তুলে ধরাই ছিল তাঁর লক্ষ্য।
গুল আফসান তারিক নামের এই তরুণী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মোটরসাইকেলে চষে বেড়িয়েছেন। এ সময় তিনি দুর্গম এক এলাকা থেকে আরেক এলাকায় গেছেন। খাইবার পাখতুনখাওয়া থেকে গিলগিট-বালটিস্তান পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে যান। সেখান থেকে দেশটির রাজধানী ইসলামাবাদে গিয়ে শেষ হয় তাঁর সফর।

গুল আফসান তারিক ৬ থেকে ২৩ মে পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া থেকে গিলগিট-বালটিস্তানে মোটরসাইকেল চালিয়ে যান। সেখান থেকে গতকাল শনিবার (২৭ মে) ইসলামাবাদে গিয়ে শেষ হয় তাঁর ২২ দিনের এই সফর। ‘সামাজিক গ্রহণযোগ্যতার’ বাধা গুঁড়িয়ে দিতেই ২৪ বছর বয়সী গুল আফসান তারিকের এ উদ্যোগ।
সারগোদার ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি) থেকে সদ্য স্নাতক করেছেন গুল আফসান তারিক। পেশায় সফটওয়্যার এই প্রকৌশলী একাই এ পথ পাড়ি দেন। এ যাত্রায় তাঁর প্রিয় যান মোটরসাইকেলটি নিয়ে সংলা, সোয়াত, মেনসেহরা, গিলগিট-বালটিস্তান, চিত্রাল, মালাকান্দ এবং দিরের উঁচু-নিচু এলাকা অতিক্রম করে যান।

ডন অনলাইনকে গুল আফসান তারিক জানান, ‘আমি খাইবার পাখতুনখাওয়ার উঁচু-নিচু রাস্তার তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। এর বেশির ভাগ এলাকাই পর্যটকদের জন্য নিরাপদ নয়।’ তিনি বলছিলেন, ‘ভ্রমণের সময় সমৃদ্ধ খাইবার পাখতুনখাওয়া অঞ্চল সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। একাই খাইবার পাখতুনখাওয়া এবং গিলগিট বালটিস্তান ভ্রমণ আসলে আমার একটি স্বপ্ন ছিল। এটা দিয়ে বিশ্ববাসীকে দেখাতে চেয়েছি যে এ এলাকা আসলেই কতটা শান্তিপূর্ণ।’
তারিক বলেন, ‘এটা খুবই কঠিন ছিল। যাত্রাপথে আমি এ অঞ্চলের সড়কের কারণে ছোটখাটো অনেক দুর্ঘটনার মুখে পড়েছি। কিন্তু আমি খোদার প্রতি কৃতজ্ঞ যে দুর্ঘটনার কারণে কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি আমার হয়নি।’

খাইবার পাখতুনখাওয়ার আদিবাসীদের প্রশংসা করেন সফটওয়্যার প্রকৌশলী গুল আফসান তারিক। তাদের আতিথেয়তায় মুগ্ধও। ওই এলাকার স্থানীয় লোকজন তাঁকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। স্থানীয় লোকজন সব সময় তাঁর প্রচেষ্টার জন্য সাধুবাদ জানিয়েছেন। তাঁর পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে গুল আফসান তারিক বলেন, ‘আমি এখন পর্যন্ত প্রায় চার হাজার কিলোমিটার পথ ভ্রমণ করেছি। আমার পরবর্তী গন্তব্য কোহাট। সেখান থেকে ইসলামাবাদ গিয়ে আমার এ যাত্রার ইতি টানব।’
সফরের অনুপ্রেরণা প্রসঙ্গে গুল আফসান তারিক বলেন, বাবার কাছ থেকে তিনি এ অনুপ্রেরণা পেয়েছেন। যেসব এলাকায় মানুষ সচরাচর যায় না, সেই খাইবার পাখতুনখাওয়ার রাস্তায় মোটরসাইকেল দাবড়াতে আগ্রহী হন তিনি।

এ ভ্রমণের কথা বলতে গিয়ে গুল আফসান তারিক বলেন, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তাদের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠান ও পাকিস্তান ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন (পিটিডিসি) তার সাহায্য এগিয়ে আসে।
গুল আফসান তারিকের লক্ষ্য ছিল দেশটির ন্যাশনাল বুক অব রেকর্ডে জায়গা করে নেওয়া। আর তা পূরণও হয়েছে। নারী হিসেবে তিনি একাই খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট-বালটিস্তানের প্রতিটি জেলায় গেছেন।

গুল আফসান তারিকের যাত্রায় সহায়তা করা পাকিস্তান ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন গুল আফসানের সফর শেষে গতকাল শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আবদুল গফুর খান ছিলেন।

সেখানে গুল আফসান তারিক বলেন, পাকিস্তান বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ। বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের পাঁচটি এ দেশে। এর মধ্য কে-টু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই চূড়ায় ওঠা পর্বতারোহীদের জন্য একটি চ্যালেঞ্জ। পাকিস্তানে সিন্ধু ও গান্ধার সভ্যতার মতো প্রাচীন সভ্যতার বিশাল ভান্ডার রয়েছে। এখন পাকিস্তানের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, তা পর্যটনের অনুকূলে। ২২ দিনের এ ভ্রমণের ব্যবস্থা ও সহায়তার জন্য তিনি পাকিস্তান পর্যটন উন্নয়ন করপোরেশনকে ধন্যবাদ জানান।
ডন ও দ্য নিউজ অবলম্বনে রাশেদুল আলম রাসেল।