পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২৫
পাকিস্তানের বেলুচিস্তানে আজ শুক্রবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। খবর ডন ও এএফপির।
জুমার নামাজ আদায়ের পর প্রদেশের মাস্তান এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ডেপুটি চেয়ারম্যান আবদুল গফুর হায়দারির গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে হায়দারি প্রাণে বেঁচে গেছেন। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। ওই গাড়িবহর শিক্ষাপ্রতিষ্ঠানটি যখন ত্যাগ করছিল, তখন বিস্ফোরণটি ঘটে।
একটি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে হায়দারি সেখানে গিয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই গাড়িবহরটি যখন হামলার শিকার হয়, তখন অতিথিরা মধ্যাহ্নভোজের জন্য অনুষ্ঠানস্থল ত্যাগ করছিল। হায়দারির গাড়িবহরে পুলিশের একটি গাড়িও ছিল। এই বিস্ফোরণে পুলিশের কয়েকজন কর্মকর্তা আহত হন।
পুঁতে রাখা বিস্ফোরক দিয়ে এ হামলা চালানো হয়েছে, নাকি এটা আত্মঘাতী হামলা—তা পরিষ্কার নয়। তবে পুলিশ আত্মঘাতী হামলা বলে ধারণা করছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তিনি বলেন, ‘এরপর আমরা দেখতে পাই, সবখানে মৃতদেহ ছড়িয়ে রয়েছে।’
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, এ হামলায় আহত হয়েছেন ৩০ জন।