পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ শিশুসহ কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপির।
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নাসির আফতাব জানান, খায়েরপুর শহরের কাছে ঘটা ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী ও ১৮ জন শিশু। আহত হয়েছেন আরও ১৮ জন।
স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক জাফির সুমরো বলেন, ‘এ রকম ভয়াবহ মাত্রার দুর্ঘটনা আমি এর আগে দেখিনি। নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ছাড়া সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।’
উত্তর-পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকা থেকে বাসটি করাচির দিকে যাচ্ছিল। আর ট্রাকটি আসছিল করাচি থেকে।