পাকিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় ধস, নিহত ২১
পাকিস্তানের লাহোরে গত বুধবার নির্মাণাধীন এক কারখানা ধসের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে শতাধিক মানুষকে। সম্প্রতি ভূমিকম্পে কারখানাটির কাঠামোগত ক্ষতি হয়েছিল বলে মনে করা হচ্ছে। খবর ডনের।
লাহোরের সিটি সেন্টার থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শিল্প এলাকায় চারতলা রাজপুত পলিয়েস্টার পলিথিন ব্যাগ কারখানায় গত বুধবার ঘটে ভবনধসের ঘটনা। এরপর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালায়।
গতকাল বৃহস্পতিবার উদ্ধারকারী দলের মুখপাত্র সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ২০০ কর্মী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ঠিক কতজন লোক আটকা পড়েছেন, তা বলা মুশকিল। কারণ, মালিক ও প্রশাসনিক কর্মীরাও ভবনটির ভেতরে রয়েছেন।
এ অঞ্চলে আঘাত হানা বড় ভূমিকম্পের দুই সপ্তাহের মধ্যে নির্মাণাধীন কারখানাটি ধসে পড়ল। পাকিস্তান ও আফগানিস্তানে গত ২৬ অক্টোবরের ওই ভূমিকম্পে প্রায় ৪০০ মানুষের প্রাণহানি ঘটে।