পাকিস্তানে মাজারে বিস্ফোরণ, নিহত ৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত এলাকার একটি মাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৩ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় প্রদেশের খুজদার এলাকার শাহ নুরানির মাজারে ওই বিস্ফোরণ ঘটে। ডন অনলাইনের প্রতিবেদন এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাজার প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় ওই বিস্ফোরণ ঘটে। ওই মাজারটি পাহাড়ি এলাকায় অবস্থিত। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় এবং এলাকাটি দুর্গম হওয়ায় জরুরি সেবা সংস্থার কর্মীরা সেখানে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সিতে ওই হামলা দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বাগতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ওই বিস্ফোরণে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।’ সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তিনি জানান, ওই ঘটনায় বেশ কয়েজন আহত হয়েছেন। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একজন নিরাপত্তা কর্মকর্তা নিহতের ওই সংখ্যা এএফপিকে নিশ্চিত করেছেন।

সরফরাজ এই হামলার সঙ্গে বিদেশি সংগঠন জড়িত বলে ইঙ্গিত দিয়ে বলেছেন, এটি দূর-নিয়ন্ত্রিত বিস্ফোরণ নাকি আত্মঘাতী হামলা—তা এখনো নিশ্চিত নয়।

ওই মাজার সংলগ্ন এলাকায় বড় ধরনের কোনো হাসপাতাল নেই। স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বলেন, ‘বিস্ফোরণে গুরুতর আহতদের করাচি নেওয়া হবে।’

ওই মাজারের তত্ত্বাবধায়ক নওয়াজ আলী বলেন, ‘প্রতিদিন সূর্যাস্তের সময় এখানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। খুজদার অঞ্চলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল হাকিম বলেন, আজ অনুষ্ঠানটি দেখতে সেখানে কমপক্ষে ৫০০ মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় বিস্ফোরণটি ঘটে।

ন্যাশনাল পার্টির সভাপতি মির হাসিল বিজেনজো বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি আহতদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা না করে তবে নিহতের সংখ্যা আরও বাড়বে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য প্রাদেশিক সরকারের কাছে কোনো হেলিকপ্টার নেই বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ার কাকার।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এই হামলার নিন্দা জানিয়েছেন।