পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত খুজদার জেলার একটি মাজারে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবারের এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
খুজদারের জেলা প্রশাসক হাশিম ঘালজাই বলেন, বন্দর শহর করাচির প্রায় ১০০ কিলোমিটার উত্তরে প্রত্যন্ত এলাকায় অবস্থিত শাহ নুরানির মাজারে এ হামলা চালানো হয়। এ সময় শত শত লোক সেখানে উপস্থিত ছিলেন।
বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, বোমা বিস্ফোরণে ৪৩ জন নিহত হয়েছেন। আর ঘালজাই বলেন, হামলায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
মাজারের তত্ত্বাবধায়ক নওয়াজ আলী বলেন, প্রতিদিন সন্ধ্যার দিকে এ মাজারে ধমল (বিশেষ নাচ-গান) অনুষ্ঠিত হয়। এটি দেখতে এখানে বিপুলসংখ্যক লোক আসেন।
উদ্ধার কর্মকর্তা হাকিম নাসি জিও টেলিভিশনকে বলেন, আহত অনেককে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
হামলার পরপরই কাছের শহর হাব থেকে ওই মাজারের দিকে ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে জানান বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রসচিব আকবর হারিফল। ঘটনাস্থল প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে সেখানে সেনাসদস্যদের পাঠানো হয়েছে।
হামলাটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নাকি পেতে রাখা বোমার সাহায্যে ঘটানো হয়েছে, তা স্পষ্ট নয়। প্রদেশটিতে চলতি বছর এ ঘটনার আগেও রক্তক্ষয়ী আরও কিছু হামলা চালানো হয়েছে।
আইএস তাদের বার্তা সংস্থা আমাক-এর মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা এ বোমা হামলা চালিয়েছে।
একই সঙ্গে জঙ্গিগোষ্ঠীটি ওই প্রদেশের পুলিশ একাডেমিতে গত মাসে সংঘটিত রক্তক্ষয়ী হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা দাবি করেছে। ওই হামলায় ৬০ জনের মতো নিহত হন। এর আগে আগস্টে আক্রমণ চালানো হয় একটি হাসপাতালে, যাতে ৭০ জন নিহত হন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকালের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।