পাকিস্তানে মেয়ে হত্যাকারী বাবার যাবজ্জীবন বহাল
পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষার নামে নিজের মেয়েকে হত্যা করা এক বাবার যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এর আগে ২০১৩ সালে লাহোর হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কমিয়ে তাঁকে যাবজ্জীবন সাজা দেন। মোহাম্মদ জামান নামে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির বিরুদ্ধে নিজের আরও দুই মেয়ে ও স্ত্রীকে আহত করারও অভিযোগ রয়েছে। খবর ডনের।
মোহাম্মদ জামানের চতুর্থ মেয়ে কিরণ জামান লাহোরের মুঘলপুরা থানায় বাবার বিরুদ্ধে মামলাটি করেছিলেন। তিনি আদালতে দেওয়া সাক্ষ্যে বলেন, ২০০৫ সালে বোন কাউসারের বিয়ের জন্য পাঠানো লন্ডনপ্রবাসী আত্মীয়র টাকা হাতিয়ে নিতে বাবা তাঁকে খুন করেন।
২০০৭ সালে লাহোরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জামানকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০১৩ সালের ২ মে লাহোরের হাইকোর্ট সাজা কমিয়ে যাবজ্জীবন করে রায়ে বলেন, আসামি দোষী সাব্যস্ত হলেও ঠিক কোন পরিস্থিতি তাঁকে নিজ মেয়েকে হত্যা এবং স্ত্রী ও অপর দুই মেয়েকে আহত করতে প্ররোচিত করে, তা মামলার নথিতে নেই। সবশেষ গত শুক্রবার বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বে তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চও মোহাম্মদ জামানের যাবজ্জীবন সাজা বহাল রাখেন।