পাকিস্তানে রাজনৈতিক দলগুলোকে সুপ্রিম কোর্টের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ছবি: সৌজন্যে ডন ডটকম
পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ছবি: সৌজন্যে ডন ডটকম

পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোকে নোটিশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় পাকিস্তান আওয়ামী তেহরিককেও (পিএটি) নোটিশ দেওয়া হয়েছে।
রাজধানী ইসলামাবাদে কনস্টিটিউশন অ্যাভিনিউতে পিটিআই ও পিএটির নেতা-কর্মীদের অবস্থানের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি আবেদনের শুনানি চলাকালে আজ মঙ্গলবার এ নোটিশ জারি করেন সুপ্রিম কোর্ট। ডন ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জুলফিকার নাকভি নামের এক ব্যক্তি দেশের চলমান অচলাবস্থার সমাধানে সব দলের প্রতি সমন জারি করতে আদালতের কাছে আবেদন জানান।
যেসব দলের প্রতি এই নোটিশ জারি করা হয়েছে সেই দলগুলো হলো পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ), পাকিস্তান মুসলিম লিগ-জিয়া (পিএমএল-জেড), বালুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি), আওয়ামী মুসলিম লিগ (এএমএল), অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল), কওমি ওয়াতন পার্টি (কিউডব্লিউপি), পাখতুনখাওয়া মিলি আওয়ামী পার্টি (পিকেএমএপি), ন্যাশনাল পার্টি (এনপি) ও পিএটি।
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি নাসিরুল মুলক বলেন, যদিও পক্ষপাতের অভিযোগের বিষয়ে সাফাই দেওয়ার জায়গা এটি নয়, তার পরও তিনি জানান, তাঁর সঙ্গে একবারই পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের দেখা হয়েছিল এবং সে সময় তাঁর সঙ্গে হামিদ খানও ছিলেন। হামিদ বর্তমানে পিটিআইয়ের উপদেষ্টা। তখন নাসিরুল মুলক ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
প্রধান বিচারপতি মুলক বলেন, ‘খাইবার পাখতুনখাওয়ায় ভোটের বায়োমেট্রিক সিস্টেম চালুর বিষয়ে আলোচনা করতে ইমরান এবং হামিদ তাঁর দপ্তরে গিয়েছিলেন। ওই একবারই আমাদের দেখা হয়েছে।’
পিটিআই থেকে সদ্য বহিষ্কৃত নেতা (প্রেসিডেন্ট) জাভেদ হাশমি এর আগে দাবি করেন, ইমরান বলেছিলেন পিটিআইয়ের প্রতি বর্তমান প্রধান বিচারপতি সহানুভূতিশীল এবং নওয়াজকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে রাজি হয়েছেন।
আজকের শুনানিতে চলমান সংকট নিরসনে সুপ্রিম কোর্টের কাছ থেকে বিক্ষোভকারী দলগুলো কী ভূমিকা আশা করে, এ বিষয়ে পিএটির আইনজীবী আলী জাফর পরামর্শ দাখিল করতে অস্বীকৃতি জানান।
জাফর বলেন, তাঁর মক্কেলের দাবিগুলো রাজনৈতিক। আর রাজনৈতিক এসব বিষয়ে হস্তক্ষেপ করার জায়গা আদালতের নয়।
পার্লামেন্ট ভবন এলাকায় সহিংসতার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। আর চলমান সংকট নিরসনে সুপ্রিম কোর্টের কাছ থেকে বিক্ষোভকারী দলগুলো কী ভূমিকা আশা করে, এ বিষয়ে গতকাল জানতে চেয়েছিলেন সর্বোচ্চ আদালত।