পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাকিস্তানের সিন্ধু প্রদেশে গতকাল শুক্রবার শিয়া মুসলমানদের মসজিদ ইমামবাড়ায় বোমা বিস্ফোরণে অন্তত ৪৯ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। প্রদেশের শিকারপুর জেলায় ওই ইমামবাড়াটির অবস্থান। খবর ডনের।
জুমার নামাজের পরপরই শিকারপুরের লাখি দার এলাকার ওই ইমামবাড়ায় বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডতায় ইমামবাড়ার ছাদ ধসে পড়লে তার নিচে অনেকে চাপা পড়েন।
তেহরিক- ই -তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বেরিয়ে যাওয়া সংগঠন জুনদুল্লাহ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আহত ব্যক্তিদের অনেককে সুক্কুর ও লারকানা জেলার হাসপাতালে পাঠানো হয়।
আরেকটি মসজিদে নামাজ পড়া মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ঘটনার সময়ের বর্ণনা দিয়ে বলেন, ‘আমার মনে হলো, পায়ের নিচের মাটি কেঁপে উঠছে।’ ওই মসজিদটি হামলার শিকার ইমামবাড়ার প্রায় দেড় কিলোমিটার দূরে।
শিয়াদের সংগঠন মজলিম ওয়াহদাতুল মুসলিমিন এ জন্য প্রদেশে ‘শান্তিপূর্ণ ধর্মঘটের’ ডাক দিয়েছে। সংগঠনটির নেতা আল্লামা মোহাম্মদ আমিন শহীদী এ হামলার ঘটনাকে সরকারের ব্যর্থতার ফল আখ্যা দেন।
মুখ্যমন্ত্রী সৈয়দ কায়েম আলী শাহ এ জন্য এক দিনের শোক ঘোষণা করেছেন।
জাফরিয়া ডিজাস্টার সেল (জেডিসি) গুরুতর আহতদের অবিলম্বে করাচি পাঠানোর দাবি জানায়। ঘটনার পর ইমামবাড়া এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আধা সামরিক রেঞ্জার্স বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আশপাশের শহরগুলো থেকে অনেক অ্যাম্বুলেন্স সাহায্যের জন্য পাঠানো হয়।
শিয়াদের জাতীয় সংগঠনের এক নেতা রাহাত কাজমি বলেন, বোমা বিস্ফোরণের সময় ৪০০ মুসল্লি সেখানে নামাজ আদায় করছিলেন।
সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, শিকারপুর ও আশপাশের শহরগুলোর হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করতে সতর্কতা জারি করা হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী সৈয়দ কায়েম আলী শাহ ও স্বাস্থ্যমন্ত্রী জম মেহতাব দাহার এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।