পাকিস্তানে শিয়াদের লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেকোবাবাদ শহরে গতকাল শুক্রবার শিয়া মুসলিমদের লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অসংখ্য মানুষ। স্থানীয় একজন শিয়া নেতার বাড়ির কাছে এ হামলা চালানো হয়। খবর এএফপির।

পবিত্র আশুরা উপলক্ষে শহরের প্রধান শোভাযাত্রায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিয়া সম্প্রদায়ের লোকজন। তখন এ হামলার ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার বেলুচিস্তানের একটি শিয়া মসজিদে বোমা হামলায় ১০ জন নিহত হয়।

জেকোবাবাদের পুলিশ কর্মকর্তা জাফর ইকবাল এএফপিকে বলেন, গতকালের হামলায় বহু আহত ব্যক্তিকে সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথমে তিনি এ ঘটনাটিকে আত্মঘাতী হামলা বললেও পরে বলেন, পুলিশ এখনো ঘটনাটি তদন্ত করছে।

হাসপাতালের প্রধান চিকিৎসক আলতাফ ওয়াগান ১৬ জনের লাশ ও কমপক্ষে ৩৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনার তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুব দ্রুত অ্যাম্বুলেন্স ও অটোরিকশাযোগে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে শিশুও রয়েছে। হামলার ঘটনায় কিছু বিক্ষোভকারী হাসপাতাল চত্বরে জড়ো হয় এবং বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।

পাকিস্তানের জনসংখ্যার ২০ শতাংশ শিয়া মুসলমান, বাকিরা প্রধানত সুন্নি মুসলিম।