পাকিস্তানে শীর্ষ পর্যায়ের ছয় সেনা কর্মকর্তা বরখাস্ত
পাকিস্তানে দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কমপক্ষে ছয়জন কর্মকর্তাকে আজ বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেলও রয়েছেন। খবর বিবিসি অনলাইনের।
দুদিন আগে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দুর্নীতির মূল উৎপাটন করা হবে। তাঁর বক্তব্যের দুদিন পরই নজিরবিহীন এই ঘটনা ঘটল।
তবে তাৎক্ষণিকভাবে ওই সব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানা যায়নি। পর্যবেক্ষকেরা বলছেন, এ সময় বরখাস্তের এই খবর ও সেনাপ্রধানের বক্তব্য সরকারের ওপর চাপ তৈরি করবে। এ ছাড়া পানামা পেপারস ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এখনো তাঁর দেশে বিতর্কের মধ্যে রয়েছেন।
তবে এর আগে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছিল ১১জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। পরে তাঁদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।