পাকিস্তানে শীর্ষ বিচারকের অপহৃত ছেলেকে উদ্ধার
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তসংলগ্ন এলাকা থেকে দেশটির একজন শীর্ষ বিচারপতির অপহৃত ছেলেকে উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী আজ মঙ্গলবার এ তথ্য জানায়।
বিচারপতির ছেলের নাম অয়াইজ আলী শাহ। তিনি নিজেও একজন আইনজীবী। গত মাসে বন্দর নগর করাচির দক্ষিণাঞ্চল থেকে তাঁকে অপহরণ করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল অসিম বাজওয়া টুইটারে বলেন, সিন্ধু প্রদেশের প্রধান বিচারপতি সাজ্জাদ আলী শাহর ছেলে অয়াইজ আলী শাহ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক শহরের কাছে এক গোয়েন্দা অভিযানের মাধ্যমে জঙ্গিদের কাছ থেকে তাঁকে উদ্ধার করা হয়। দিন শেষে তাঁকে তাঁর পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
সর্বশেষ গত ২১ জুন এক সিসিটিভি ফুটেজে করাচির প্রতিরক্ষা হাউজিং সোসাইটির সুপার মার্কেটে শাহকে বাজার করতে দেখা যায়।
শাহকে উদ্ধারে ‘সফল অভিযানের’ জন্য দেশটির ক্ষমতাধর ও জনপ্রিয় সেনাপ্রধান রাহিল শরিফ গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও সিন্ধু প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি সাজ্জাদ আলী শাহকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নিরাপত্তা বাহিনীরও প্রশংসা করেন।