পাকিস্তানে শ্রমিক ইউনিয়ন গড়লেন গৃহপরিচারিকারা

পাকিস্তানের মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত প্রায় প্রতিটি পরিবারেই এক বা একাধিক গৃহপরিচারিকা রাখার রেওয়াজ আছে। বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড়ামোছা থেকে নানা খাটুনির কাজ তাঁদের করতে হয়।
এ নিয়ে মালিকের সঙ্গে তাদের কাজের কোনো চুক্তি থাকে না। ফলে গৃহপরিচারিকাদের নিয়মিতই নানা শোষণ ও অবিচারের শিকার হতে হয়। এমন অবস্থা থেকে মুক্তি পেতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম শ্রমিক সংগঠন (ট্রেড ইউনিয়ন) গড়ে তুলেছেন দেশটির গৃহপরিচারিকারা।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পাকিস্তানে প্রায় ৮৫ লাখ গৃহপরিচারিকা আছেন। এই শ্রমিক সংগঠনের ফলে গৃহপরিচারিকাদের ভাগ্য এবার কিছুটা বদলাতে পারে। কারণ জাতিসংঘের সমর্থনে দেশটিতে অবশেষে এই খাতের জন্য গড়ে উঠেছে একটি শ্রমিক সংগঠন। গৃহপরিচারিকাদের এই সংগঠনে এর মধ্যেই প্রায় ২২৫ জন সদস্য হয়েছেন। সংখ্যাটা দিন দিন বাড়ছে।
মুনাজাই ইশহাক নামের এক গৃহপরিচারিকা তাঁদের নিয়ে গঠিত শ্রমিক সংগঠনটির সদস্য হয়েছেন। তিনি আশা করছেন এতে তাদের জীবনে এবার বোধ হয় একটা পরিবর্তন আসবে। মুনাজাই বিবিসি বাংলাকে জানান, মালিক তাঁকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে থানায় দিয়েছেন। ইচ্ছে করে বেতনের টাকা আটকে রেখেছেন। কিন্তু তিনি কিছুই করতে পারেননি।
বাড়ির মালিকেরা পরিচারিকা বা ভৃত্যদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করেন না, বেশি খাটান অথচ পয়সা পর্যন্ত দেন না; ইউনিয়ন চালু হলে সেগুলো অন্তত বন্ধ হবে বলে মুনাজাইয়ের আশা।
আয় কম হওয়ায় পরিচারিকাদের সন্তানেরা অনেকেই লেখাপড়ার সুযোগ পান না। এই সংগঠনের ফলে গৃহপরিচারিকাদের ছেলেমেয়েরাও হয়তো পড়াশোনার সুযোগ পাবে। নতুন এই সংগঠন বাড়ির মালিক ও গৃহপরিচারিকাদের মধ্যে একটি লিখিত চুক্তি চালু করার ওপর জোর দিচ্ছে, যেটা দুপক্ষই স্বেচ্ছায় সই করবে।
এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকারও এই শ্রমিক সংগঠন গড়ার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়েছে। পাঞ্জাব শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইশরাত আলি বিবিসি বাংলাকে বলেন, গৃহপরিচারিকাদের অধিকার রক্ষায় দুবছরের মধ্যেই আইন তৈরি হয়ে যাবে। সেই নতুন আইনে গৃহভৃত্য বা পরিচারিকাদের উপযুক্ত নথিভুক্তকরণ (রেজিস্ট্রেশন) এবং যাচাই-বাছাইয়েরও (ভেরিফিকেশন) ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
তবে পাকিস্তানের জনসংখ্যার মাত্র ৫ শতাংশ শ্রমিক সংগঠনের (ট্রেড ইউনিয়ন) আওতায় আছে। দেশের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন পাকিস্তান ওয়ার্কার্স ফেডারেশন গৃহভৃত্যদের ভবিষ্যৎ দ্রুত পাল্টানোর ব্যাপারে বেশ সন্দিহান। ফেডারেশনের নেতা চৌধুরী নাসিম ইকবাল মনে করেন, ‘যেহেতু আইন তৈরি হবে পার্লামেন্টে এবং তার সদস্যরা সবাই হয় সামন্ততান্ত্রিক প্রভু বা শিল্পপতি, তাই তাঁরা ট্রেড ইউনিয়নের প্রস্তাবে বাধা দেবেন বলেই মনে হয়। কারণ এতে সরাসরি তাঁদের স্বার্থের সঙ্গে সংঘাত হবে।’
ইসলামাবাদ থেকে বিবিসির নওশিন আব্বাস বলেন, গৃহপরিচারিকার কাজ পাকিস্তানের বহু অসহায় দরিদ্র নারীকে রুটিরুজির ব্যবস্থা করে দিয়েছে ঠিকই, কিন্তু তাঁদের অনেকেই এখন মনে করছেন এর জন্য খুব চড়া মূল্য তাঁদের দিতে হচ্ছে। আর সে কারণেই তাঁদের অনেকে এখন চাকরি হারানোর ঝুঁকি নিয়েও নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হয়েছেন।