পাকিস্তানে সংকট আরও গভীরে

পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তেমন কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। আন্দোলনকারী দলগুলোর অন্যতম নেতা ইমরান খান আজ শুক্রবার অভিযোগ করেছেন, সংকট সমাধানে তিনি সেনাবাহিনীকে জড়ানোর কোনো কথা বলেননি।
অথচ গতকাল বৃহস্পতিবার এই সংকট সমাধানে মধ্যস্থতা করার জন্য সেনাপ্রধানকে দায়িত্ব দিয়েছিল নওয়াজ শরিফ সরকার। আজ পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, সংকট সমাধানে সরকার তাদের ‘সহায়তাকারীর’ ভূমিকা পালনে আহ্বান জানিয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডন-এর অনলাইন সংস্করণে বলা হয়, দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল অসীম বজওয়াল আজ টুইটারে দেওয়া বার্তায় সেনাবাহিনীর ভূমিকার বিষয়টি পরিষ্কার করেন। বার্তায় তিনি জানান, গতকাল দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক হয়েছে। বৈঠকে সেনাবাহিনীকে মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ দেশটির জাতীয় পরিষদে সেনাবাহিনীকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আহ্বান জানানোর বিষয়টি উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। তিনি মন্তব্য করেন বলেন, বর্তমান অচলাবস্থা নিরসনে এটাই একমাত্র বিকল্প।
চৌধুরী নিসার আলী খান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া দুটি দলের সমালোচনা করে বলেন, ‘এই দুটি দলের বিচার বিভাগের ওপর আস্থা নেই। তারা জাতীয় পরিষদের বিরোধী দলকে বিশ্বাস করে না; তারা আইনজীবী, ট্রাইব্যুনাল বিশ্বাস করে না—তারা যদি সেনাবাহিনী ছাড়া আর কাউকেই বিশ্বাস না করে, তাহলে সরকারের কাছে আর কী বিকল্প থাকতে পারে?’ স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আন্দোলনরত দল দুটির অনুরোধের পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনীকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে সরকার অনুমোদন দিয়েছে।
তবে এ দাবি নাকচ করেছে আন্দোলনরত দুই দলের নেতা ইমরান খান ও তাহির উল কাদরি।
তাহির উল কাদরি বলেন, ‘তাঁরা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তাঁরা জাতীয় পরিষদে দাঁড়িয়ে মিথ্যা বলেছেন। দুঃখজনক বিষয় যে এটা পাকিস্তানের পার্লামেন্ট।’
ইমরান খান বলেন, তাঁর দলও সরকার এবং আন্দোলনকারী পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য সেনাবাহিনীকে যুক্ত করা দাবি তোলেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন।