পাকিস্তানে সংকট সমাধানে সেনাপ্রধানই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। ছবি : এএফপি
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। ছবি : এএফপি

পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট সমাধানের ব্যাপারে মধ্যস্থতা করবেন সে দেশের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সেনাপ্রধানকে ‘মধ্যস্থতাকারী’ ও ‘নিশ্চয়তাদানকারী’ (গ্যাারান্টর) হিসেবে নিয়োগ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিক দলের প্রধান তাহিরুল কাদরি। এই দুই দল গত বুধবার রাতে সংকট সমাধানের জন্য নওয়াজ সরকারকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয়।

পাকিস্তানের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ডন ডটকমের খবরে বলা হয়, ইমরান খান ও তাহিরুল কাদরি সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। চলমান রাজনৈতিক সংকট নিয়ে তিনজনের মধ্যে বৈঠক হয়েছে বলে পাকিস্তানের আইএসপিআরের প্রধান জানিয়েছেন।

ইমরান ও তাহিরুল ইতিমধ্যে তাঁদের সমর্থকদের আরও এক দিন দেশটির রাজধানী ইসলামাবাদে অবস্থানের জন্য অনুরোধ জানিয়েছেন।

পাকিস্তানের মোহাজিরদের দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) চলমান রাজনৈতিক সংকট সমাধানে সেনাপ্রধানের মধ্যস্থতার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। দলের প্রধান আলতাফ হুসেন একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, এতে পাকিস্তানের ক্ষতি এড়ানো গেছে।

পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকটের পেছনে সে দেশের ‘শক্তিশালী’ সেনাবাহিনীর মদত থাকার অভিযোগ ছিল। মধ্যস্থতাকারী হিসেবে সেনাপ্রধান চলে আসায় এবং আন্দোলনকারীরা তা মেনে নেওয়ায় সেই অভিযোগ আরও জোরালো হলো। অনেকেই এই সংকটকে সেনা নেতৃত্ব ও রাজনীতিকদের ক্ষমতা দখলের পাকিস্তানের চিরায়ত রীতি বলে মনে করছেন। অভিযোগ আছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে দুর্বল করতেই সেনাবাহিনী ইমরান ও তাঁর সহযোগীদের মদত দিচ্ছে।

বেশ কিছু দিন ধরে পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে সেনাবাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। এতে সবাই সংকট দ্রুত সমাধানের ব্যাপারে একমত হন। ওয়াল স্ট্রিট জার্নালের খবরেও একই কথা প্রতিধ্বনিত হয়েছে। তবে মার্কিন পত্রিকাটি জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যে মতৈক্যে পৌঁছেছেন, সেখানে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও ভারতের মতো দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়টি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডনের সম্পাদকীয়তে লেখা হয়েছে, নওয়াজ ও তাঁর দল এই ভাব দেখানোর চেষ্টা করছে যে সেনা নেতৃত্ব তাঁদের সঙ্গেই আছে, বিক্ষোভকারীদের সঙ্গে নয়। কিন্তু বাস্তবতা হলো, এতে সেনাবাহিনী নিয়ে ক্ষমতাসীন দলের অস্বস্তি ও অনিশ্চয়তাই ফুটে উঠেছে।