পাকিস্তানে সংঘর্ষে ইমরান খানের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ফয়সালাবাদে গতকাল সোমবার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের সঙ্গে সরকার-সমর্থক ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে আহত হয়ে পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছেন। খবর এএফপির।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার উৎখাতের লক্ষ্যে শহর অচল করে দেওয়ার আন্দোলনে নেমেছেন পিটিআই নেতা ইমরান খান। তাঁর দাবি, বর্তমান সরকার ভোট জালিয়াতি করে নির্বাচিত হয়েছে।
গতকাল সকালে লাহোরের একটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ইমরান খানের একটি আবেদন গ্রহণ করেন। পিটিআই নেতা পার্লামেন্টের স্পিকারের আসনে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছিলেন। ইমরান বলেছেন, ওই আসনে ভোট পুনর্গণনা করা হলে ২০১৩ সালে নির্বাচনে গলদের বিষয়টি বেরিয়ে আসত।
বিচারকের আদেশের পরপরই ফয়সালাবাদে চলমান ইমরানের আন্দোলন নতুন বেগ পায়। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকার-সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশের মুখপাত্র নাবিল গজানফার বলেন, সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হওয়ার পর এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। আর দুই পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক পিটিআইয়ের এক নেতা বলেন, গুলিতে তাঁদের এক সমর্থক নিহত হয়েছেন। কয়েকটি টেলিভিশনে সাদাপোশাকে একজনকে পিস্তল হাতে দেখা গেছে। ওই ব্যক্তিই গুলি করেছেন বলে তিনি দাবি করেন।