পাকিস্তানে সংবিধানের একবিংশ সংশোধনী বিল এবং পাকিস্তান সামরিক বাহিনী (সংশোধনী) বিল সে দেশের পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। বিল দুটি পাস হলে সন্ত্রাসীদের দ্রুত বিচারের জন্য দুই বছর মেয়াদে বিশেষ সামরিক আদালত গঠনের বিষয়টি আইনি বৈধতা পাবে। খবর ডনের।
গতকাল শনিবার আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক মন্ত্রী সংশোধনীর প্রস্তাবসংবলিত বিল দুটি জাতীয় পরিষদে উত্থাপন করেন।
সংবিধান সংশোধনী বিল অনুমোদিত হতে ৩৪২ আসনের জাতীয় পরিষদ এবং ১০৪ আসনের উচ্চকক্ষ সিনেটের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে। তবে সামরিক বাহিনীসংক্রান্ত বিলটি অনুমোদিত হতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। আগামী মঙ্গলবার বিল দুটি সিনেটে তোলার কথা রয়েছে।
গত শুক্রবার শুরু হওয়া পার্লামেন্টের অধিবেশন প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও পেশোয়ারের স্কুলে তালেবানের হামলা নিয়ে আলোচনা অব্যাহত ছিল। ওই ভয়াবহ হামলায় ১৪৯ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছাত্রছাত্রী।
সর্বদলীয় সভায় মতৈক্য: এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ডাকা সর্বদলীয় সভায় বিল দুটি পার্লামেন্টে তোলার ব্যাপারে মতৈক্য হয়। ছয় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো এবং সামরিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এর আগে সামরিক আদালত গঠনের জন্য সংবিধানে সংশোধনী আনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির খবর পাওয়া গিয়েছিল।
গত ২৪ ডিসেম্বর একই ধরনের আরেকটি সর্বদলীয় সভায় প্রথম সামরিক বাহিনীর কর্মকর্তাদের নেতৃত্বে দ্রুত বিচার আদালত গঠনের প্রস্তাবসংবলিত ২০ দফা জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সেনাবাহিনীর বক্তব্য: এই বিশেষ আদালত সেনাবাহিনীর উদ্ভাবন-সমালোচকদের এ অভিযোগের জবাবে সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফ বলেন, বিশেষ আদালত সামরিক বাহিনীর চাওয়া নয়। এটা বিশেষ সময়ের প্রয়োজন। তিনি বলেন, এই সিদ্ধান্তই জাতীয় ভাগ্য নির্ধারণ করবে।