পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিন্ধু প্রদেশে আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে দ্য ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এই দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাসির আফতাব বার্তা সংস্থা এএফপিকে বলেন, সিন্ধু প্রদেশের শুক্কুর জেলায় দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সোয়াত থেকে করাচি যাচ্ছিল। মালবাহী ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, বাসটি দ্রুতগতিতে একটি গাড়িকে পাশ কাটানোর সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।