পাকিস্তানে সন্ত্রাসীদের বিচারে সামরিক আদালত

সন্ত্রাসবিরোধী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে সন্ত্রাসবিষয়ক মামলা বিচারে সামরিক আদালত গঠন করতে যাচ্ছে দেশটির সরকার।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মধ্যরাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সন্ত্রাস মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে পাকিস্তানের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রায় ১১ ঘণ্টা ধরে বৈঠক করেন নওয়াজ। ওই বৈঠক শেষে সন্ত্রাসবিরোধী কর্মপরিকল্পনা ঘোষণা করেন তিনি।
১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবানের নৃশংস হামলার পর সন্ত্রাসবিরোধী কর্মপরিকল্পনা ঘোষণা করল পাকিস্তান সরকার। ওই হামলায় ১৩২ জন স্কুলশিশুসহ প্রায় দেড় শ মানুষ নিহত হয়।
নওয়াজ বলেন, ‘সন্ত্রাসবাদের মূলোত্পাটনে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। হামলায় জড়িত ব্যক্তিদের কোনো ক্ষমা নেই।’
নওয়াজ ঘোষিত ১৭ দফা কর্মপরিকল্পনার অংশ হিসেবে সন্ত্রাস-সংশ্লিষ্ট মামলার শুনানি করতে সামরিক আদালত গঠন করা হবে।
সন্ত্রাসীদের দ্রুত বিচারের লক্ষ্যে এই বিশেষ আদালতের নেতৃত্ব দেবেন সেনা কর্মকর্তারা। আদালত চলবে দুই বছর।
কর্মপরিকল্পনার মধ্যে আরও রয়েছে—সন্ত্রাসীদের অর্থসহায়তা বন্ধ, নতুন নামে নিষিদ্ধ সংগঠন পরিচালনা রোধ, সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী গঠন, মাদ্রাসা পরিচালনায় নীতিমালা প্রণয়ন, প্রয়োজনে সংবিধান সংশোধন, গণমাধ্যমে সন্ত্রাসীদের ঠাঁই না দেওয়া, সন্ত্রাসীদের যোগাযোগব্যবস্থা ধ্বংস প্রভৃতি।