পাকিস্তানে সরকারি কর্মীদের বাসে বিস্ফোরণ, নিহত ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আজ বুধবার সকালে একটি বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। বাসটি সরকারি কর্মীদের বহন করছিল। কর্মকর্তারা এ কথা জানান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সকালে পেশোয়ারের ব্যস্ত বিপণন জেলা সাদ্দারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসটি সাদ্দার থেকে সরকারি কর্মীদের নিয়ে অফিসের দিকে যাচ্ছিল।
পেশোয়ার পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ কাশিফ বলেন, ‘সরকারি কর্মীদের বহনকারী বাসে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।’
পেশোয়ারের পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বোমা নিষ্ক্রিয়কারী একজন কর্মকর্তা বলেন, বাসটির গ্যাস সিলিন্ডারের কাছে চার কিলোগ্রাম ওজনের একটি রিমোট কন্ট্রোল বোমা সংযুক্ত ছিল। এটির বিস্ফোরণেই এই হতাহতের ঘটনা ঘটে।