পাকিস্তানে সরকারি কাজে উর্দু ব্যবহার করতে হবে
পাকিস্তানে সরকারি কাজের ভাষা হিসেবে ইংরেজির পরিবর্তে উর্দু ব্যবহার করতে হবে। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল বুধবার সরকারের প্রতি এ নির্দেশ দিয়েছেন। খবর এএফপির।
প্রধান বিচারপতি জাওয়াদ খাজার নির্দেশ অনুযায়ী পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং চার প্রাদেশিক সরকারকে আগামী তিন মাসের মধ্যে সর্বস্তরে যোগাযোগের ভাষা হিসেবে উর্দু চালু করতে হবে। এটা করতে হবে ইংরেজিভাষী অভিজাত শ্রেণি এবং অ-ইংরেজিভাষী সংখ্যাগুরু জনগণের মধ্যে ‘সামাজিক বিভেদ’ দূর করতে। আদালত আরও বলেছেন, ইংরেজি ভাষায় কেউ দক্ষ না হলে তাঁকে অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
>পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং চার প্রাদেশিক সরকারকে আগামী তিন মাসের মধ্যে সর্বস্তরে যোগাযোগের ভাষা হিসেবে উর্দু চালু করতে হবে
প্রায় ২০ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানের প্রধান ভাষা ছয়টি: পাঞ্জাবি, সিন্ধি, সেরাইকি, উর্দু ও বেলুচি। এ ছাড়া সেখানে আরও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার প্রচলন রয়েছে। তবে সারা দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও ভাব বিনিময়ের জন্য সাধারণত উর্দু ভাষাই ব্যবহৃত হয়। পাকিস্তানের বেশির ভাগ মানুষ উর্দু বুঝতে পারে। তবে আইন, আদালতের নির্দেশ এবং অন্যান্য সব ধরনের সরকারি কাজকর্মে এখনো ঔপনিবেশিক আমলের ধারাবাহিকতায় ইংরেজি ভাষাই ব্যবহৃত হচ্ছে।
যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ৬৮ বছর পরও পাকিস্তানের অভিজাত শাসকগোষ্ঠী ইংরেজির ব্যবহার ধরে রাখতে চায়। এতে ধনী-গরিবের মধ্যে এক ধরনের ভাষাগত বিদ্বেষ বা বৈষম্য তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
পাকিস্তানজুড়ে উর্দু ভাষা চালু করতে গিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছে। জাতিগত বৈচিত্র্যে ভরা দেশটির আঞ্চলিক ভাষাগুলোর পক্ষেও শক্তিশালী জনমত রয়েছে। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর সারা দেশের মানুষের ওপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে বাঙালিরা ক্ষুব্ধ হয়ে শক্তিশালী জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।