পাকিস্তানে সরকারি স্কুলে তালেবানের বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নবনির্মিত একটি সরকারি স্কুলে বোমা হামলা করেছে জঙ্গিরা। গত শুক্রবারের এ ঘটনায় বিস্ফোরণে স্কুলটির একাংশ গুঁড়িয়ে গেছে। তবে এতে হতাহত হয়নি কেউ। পাকিস্তানি তালেবানের এক শাখা এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্সের।
গত মাসেই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে তালেবানের একটি উপদল। তারা তখন আরও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছিল। এমন প্রেক্ষাপটে ওয়াজিরিস্তানের স্কুলে হামলার ঘটনাটি ঘটল।
গতকাল শনিবার এ হামলাটির দায় স্বীকার করে ‘সাজনা’ নামে পরিচিত পাকিস্তানি তালেবানের এক উপদল। এর এক মুখপাত্র আজম তারিক বলেন, ‘সরকারিভাবে নির্মিত স্থাপনা বলেই আমরা স্কুলটিতে হামলা চালিয়েছি।’ তারিক আরও জানান, হামলার সময় স্কুলটিতে কর্মরত ১৮ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। তবে কিছুক্ষণ পর তাদের ছেড়েও দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, হামলায় তিয়ারজা এলাকায় স্কুলটির মূলত মেয়েদের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত কিছু ভারী যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়।
এক বছরের কিছু আগে পেশোয়ারের এক স্কুলে তালেবানের ভয়াবহ হামলায় ১৩৪ জনের প্রাণহানি ঘটে। এরপর আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় জঙ্গিবাদ মোকাবিলায় পাকিস্তান সরকার কড়া অবস্থান গ্রহণ করে।
এদিকে, গতকাল শনিবার উত্তর পাকিস্তানের মোহমান্দ উপজাতীয় এলাকায় পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছে।