পাকিস্তানে সাংবাদিক হত্যা, ৫ লাখ রুপি পেয়েছিলেন ভাড়াটে খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
ছবি: এএফপি

পাকিস্তানের লাহোরে সাংবাদিক হাসনাইন শাহকে গুলি করে হত্যার জন্য ভাড়াটে খুনি ঠিক করেছিলেন সন্দেহভাজন পরিকল্পনাকারী আমির বুট্ট। এ কাজের জন্য ভাড়াটে খুনিকে পাঁচ লাখ রুপি দিয়েছিলেন তিনি। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে লাহোরের ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা ফায়াজ আহমদ এসব তথ্য জানিয়েছেন। খবর ডনের।

২৪ জানুয়ারি শিমলা পাহাড়ি চক এলাকায় লাহোর প্রেসক্লাবের কাছে সাংবাদিক হাসনাইন শাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একটি বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন হাসনাইন। অপরাধবিষয়ক সাংবাদিকতা করতেন তিনি।

শনিবার সংবাদ সম্মেলনে ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ফায়াজ আহমদ বলেন, এ হত্যার ঘটনায় চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অত্যাধুনিক প্রযুক্তি ও পেশাদারি দক্ষতাগুলো ব্যবহার করা হয়েছিল।

ফায়াজ আহমদ আরও বলেন, আমির বুট্ট নামের এক জহুরির সঙ্গে আর্থিক বিরোধকে কেন্দ্র করে ওই সাংবাদিককে হত্যা করা হয়েছে। হাসনাইনকে হত্যার জন্য ভাই শহিদ বুট্ট ও বন্ধু ফারহান শাহর কাছ থেকে সহযোগিতা চান আমির। ফারহান শাহ এ কাজের জন্য চার ব্যক্তিকে ঠিক করেন। এর মধ্যে দুজন ভাড়াটে খুনিও রয়েছেন।

ফায়াজ জানান, প্রধান সন্দেহভাজন আমির বুট্ট এ হত্যার পরিকল্পনা সাজিয়েছেন। আর তাঁর দুই সহযোগী হায়দার শাহ ও আমজাদ পাশা হত্যার আগে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খুনিদের গাড়ি ও অস্ত্র সরবরাহ করেন। ওই বন্দুকধারীরাই পরে হাসনাইন শাহকে গুলি করে পালিয়ে যান। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের তিনটি আলাদা দল গঠন করা হয়েছিল বলে জানান ফায়াজ।