সিনেটে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হলে সর্বশক্তি দিয়ে জবাব
পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনী কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইকের (সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা) চেষ্টা চালালে পাকিস্তানের সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। গত সোমবার সিনেটে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘ভারতের উচিত তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইকের মিথ্যা দাবি ভুলে যাওয়া। কারণ, ওই দাবি মিথ্যা ও অসাড় বলে প্রতীয়মান হয়েছে। আর ভবিষ্যতে এ ধরনের কোনো চেষ্টা হলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে।’
আসিফ বলেন, কাশ্মীরের স্বাধীনতাসংগ্রামে ভারতের বলপ্রয়োগ এবং আলোচনার বিষয়ে দেশটির অনীহার কারণেই সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) যুদ্ধবিরতি ভঙ্গুর বা লঙ্ঘন হয়েছে।
খাজা আসিফ বলেন, কাশ্মীরের স্বাধিকার সংগ্রামে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তান।