পাকিস্তানে সেনা ও জঙ্গিদের সংঘর্ষে নিহত ৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় গতকাল শনিবার সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮০ জন জঙ্গি ও সাতজন সেনা নিহত হয়েছে। ওই এলাকায় জঙ্গিদের দমনে পাকিস্তানি সেনারা খাইবার-১ নামের অভিযান চালাচ্ছে। খবর এএফপির।
সেনা মুখপাত্র অসীম বাজওয়া বলেন, ওই এলাকাকে জঙ্গিমুক্ত করতে স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে সেনারা। এরই ধারাবাহিকতায় ৮০ জন জঙ্গি নিহত হয়। তাঁর দেওয়া তথ্যমতে, আফগান সীমান্ত সংলগ্ন খাইবার জেলায় সেনা অভিযান চলাকালে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১০০ জন জঙ্গি আহত হয় বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সাতজন সেনা নিহত হওয়ার তথ্য দেন।
বাজওয়া বলেন, সেনারা পার্বত্য এলাকায় জঙ্গিদের আস্তানা ধ্বংস করার পর তারা আফগান সীমান্তের দিকে পালিয়ে যায়। ওই এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল না-করা পর্যন্ত অভিযান চলবে।