পাকিস্তানে সেনা স্কুলে হত্যাকাণ্ডের মূল হোতা নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারে ২০১৪ সালের ডিসেম্বরে সেনা স্কুলে হত্যাকাণ্ডের মূল হোতা ওমর মনসুর আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। পাকিস্তানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা এই দাবি করেছেন। খবর আইএএনএসের।

ডন অনলাইনকে পাকিস্তানি কর্মকর্তারা বলেন, গত শনিবার আফগানিস্তানের নানগরহার প্রদেশের বন্দর এলাকায় মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ওমর মনসুর নিহত হয়েছেন। এ সময় কারি সাইফুল্লাহ নামের আরেক জঙ্গি নেতাও নিহত হন। এ ব্যাপারে তাঁদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে।

মনসুর ও সাইফুল্লাহ পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের তারিক গিদার গ্রুপের নেতা ছিলেন। তাঁরা পেশোয়ার ও দারা আদমখেলের বিভিন্ন এলাকায় হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

২০১৪ সালের ১৬ ডিসেম্বরের ওই হামলায় সেনাবাহিনী পরিচালিত স্কুলের ১২২ ছাত্র ও ২২ শিক্ষক নিহত হন। এ ছাড়া ওই অঞ্চলের আরও কিছু বড় হামলার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।