পাকিস্তানে ‘পারিবারিক সম্মান’ রক্ষার নামে আবারও হত্যাকাণ্ড হলো। এবার এর শিকার এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর স্বামী। তাঁদের ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে নিজেদেরই আত্মীয়স্বজন। পরিবারের অমতে বিয়ে করায় গত বুধবার ওই দম্পতিকে মেরে ফেলা হয়।
পাকিস্তানে কয়েক দিন আগে একই ধরনের অপরাধে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে শ্বশুরবাড়ির লোকেরা। গত সপ্তাহে লাহোরে পুড়িয়ে মারা হয় এক তরুণীকে।
পাঞ্জাবের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মালিক ওয়ারিস গতকাল রোববার বলেন, বুধবার প্রদেশের থিকরিওয়ালা গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন ওই দম্পতি। গুলি করে হত্যার পর তাঁদের লাশ খালে ফেলে দেওয়া হয়।
মালিক ওয়ারিস বলেন, স্বামী শাকিল আহমেদ (২৬) ও স্ত্রী আকসা বিবি (২২) উভয়ে গ্রামের একটি ওষুধের দোকানে কাজ করতেন। চার বছর আগে তাঁরা আদালতে গিয়ে বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। আকসা অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের গ্রামের কাছের একটি গ্রামেই বাস করত তাঁর পরিবার। তারা ওই বিয়ে মানতে পারেনি।
আকসার ভাইদের একজন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরলে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর আত্মীয়স্বজনের মাধ্যমে এ দম্পতিকে ধরে নিয়ে আসা হয়। পরে দুজনকেই মাথায় গুলি করে হত্যা করা হয়।
গত সপ্তাহে পাঞ্জাবের বুরেওয়ালা শহরে মোহাম্মদ এরশাদ (৪৩) নামের এক ব্যক্তিকে তাঁর স্ত্রীর আত্মীয়স্বজন গলা কেটে হত্যা করেন। পাত্র হিসেবে অপছন্দের হওয়ায় তাঁকে মেরে ফেলা হয়। পাকিস্তানে এ ধরনের কারণে হত্যা পুরুষদের ক্ষেত্রে বিরল।
পুলিশ জানায়, এরশাদ স্থানীয় এক ধনাঢ্য পরিবারের মেয়ে মুসাররাত বিবিকে প্রায় এক বছর আগে বিয়ে করেছিলেন। মেয়ের আত্মীয়স্বজন মেরে ফেলতে পারে এমন আশঙ্কায় একপর্যায়ে পালিয়ে যান তিনি। কিন্তু বাবা-মাকে দেখতে এলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে আটকে মেরে ফেলে।
প্রেম করে বিয়ে করায় জুনের প্রথম সপ্তাহে পাঞ্জাবের রাজধানী লাহোরে ১৬ বছর বয়সী তরুণী জিনাত বিবিকে তাঁর মা পুড়িয়ে হত্যা করেন। ধারণা করা হয়, প্রতিবছর পাকিস্তানে এ ধরনের ঘটনায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়ে থাকে। এদের বড় অংশই নারী।