পাকিস্তানে হিন্দু বিবাহ নিবন্ধন আইন পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু নাগরিকদের বিবাহ নিবন্ধনের আইন পাস হলো পাকিস্তানের পার্লামেন্টে। দেশটির সংখ্যালঘু হিন্দু নারীদের অধিকার রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের মানবাধিকারকর্মীদের ভাষ্য, দেশটির হিন্দু সম্প্রদায়ের নারীরা অনেক সময় অপহরণ, জোরপূর্বক ধর্মান্তকরণ এবং ধর্ষণের শিকার হন। হিন্দু বিবাহ নিবন্ধনের ব্যবস্থা না থাকায় এ সমস্যা আরও জটিল হয়।
দীর্ঘ ১০ মাস ধরে আলোচনার পর পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে গত সোমবার এই আইন পাস হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এটি দ্রুতই পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র ১ দশমিক ৬ শতাংশ হিন্দু। দেশটির মোট জনসংখ্যা ১৯ কোটি। সেখানে এত দিন হিন্দুদের বিবাহ নিবন্ধনের কোনো আইন ছিল না। নতুন আইনে হিন্দুদের বিয়ের ন্যূনতম বয়স ঠিক করা হয়েছে ১৮ বছর। দেশের অন্য সম্প্রদায়ের মধ্যে ছেলেদের বিয়ের বয়স ১৮ এবং মেয়েদের ১৬ নির্ধারণ করা আছে। হিন্দু বিবাহ আইনের ব্যত্যয় হলে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।
পাকিস্তানের মানবাধিকার কমিশনের প্রধান জোহরা ইউসুফ বলেছেন, বিয়ের বয়স নির্ধারণ দেশের হিন্দু নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।