১০০ কোটি ডলারের অস্ত্র-সরঞ্জাম কেনার ব্যাপারে পাকিস্তানের আবেদন অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাকিস্তানের কূটনৈতিক সূত্র জানায়, দেশটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের জন্য অস্ত্রের প্রয়োজনের কথা তুলে ধরে গত বছর তা কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হয়। খবর ডনের।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা আইন পরিষদ কংগ্রেসকে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দিয়েছে। ওই প্রত্যয়নপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান। দেশটির নিরাপত্তার উন্নয়নে সাহায্য করার মাধ্যমে প্রস্তাবিত ওই অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন বৈদেশিক নীতিতে এবং জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে।
প্রত্যয়নপত্রে জানানো হয়, হেলিকপ্টার ও অস্ত্রের এই প্রস্তাবিত বিক্রির মাধ্যমে সন্ত্রাসবাদ ও বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেওয়া হবে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বিষয়টি দেশের আইনপ্রণেতাদের জানিয়েছে। পাকিস্তানের কাছে প্রস্তাবিত ওই অস্ত্র বিক্রির বিষয়টি আঞ্চলিক সামরিক ভারসাম্যে মৌলিক কোনো পরিবর্তন আনবে না বলে নিশ্চয়তা দিয়েছে সংস্থাটি। এ অস্ত্র বিক্রির ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে অনুমতি দিয়েছে, তাও আইনপ্রণেতাদের জানিয়েছে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতাবিষয়ক এ কর্তৃপক্ষ।
পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রস্তাবিত অস্ত্র-সরঞ্জাম পেলে পাকিস্তান সামরিক বাহিনীর নিখুঁতভাবে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়বে। এর মাধ্যমে উত্তর ওয়াজিরিস্তান, বিভিন্ন কেন্দ্রশাসিত উপজাতীয় অঞ্চল (ফাটা) এবং অন্য দুর্গম পাহাড়ি অঞ্চলে সব ধরনের আবহাওয়ায়ও দিনরাত অভিযান চালাতে পাকিস্তানের সক্ষমতা বাড়বে।