পাকিস্তানে ৪৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
পাকিস্তানে ৪৮ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান এয়ারলাইনসের ওই স্বল্পপাল্লার বিমানটি অভ্যন্তরীণ পথে চলত। গতকাল বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদ জেলার পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে আরোহীদের সবাই নিহত হন।
পাকিস্তান এয়ারলাইনস সূত্র জানায়, বিমানটিতে মোট যাত্রী ছিল ৪২ জন। এর মধ্যে নয়জন নারী ও দুটি শিশু। এ ছাড়া এতে পাঁচজন ক্রু ও একজন বিমান প্রকৌশলী ছিলেন।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানটির কোনো আরোহীই বেঁচে নেই। তাঁদের মধ্যে ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সরকারি কর্মকর্তা তাজ মোহাম্মদ খান জানান, পাহাড়ের গায়ে আছড়ে পড়ার আগে বিমানটিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অধিকাংশ মৃতদেহ পুড়ে বিকৃত হয়ে গেছে। তাঁদের চেনার উপায় নেই।
পাকিস্তান এয়ারলাইনসের মুখপাত্র দানিয়েল গিলানি দেশটির বহুল প্রচারিত ডন পত্রিকাকে বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রল থেকে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় বিমানটি উড্ডয়ন করে। ৪টা ৪০ মিনিট নাগাদ রাজধানী ইসলামাবাদের বেনজির ভুট্টো বিমানবন্দরে এর অবতরণ করার কথা ছিল। তবে ওড়ার খানিক পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে ২০১০ সালে ইসলামাবাদের অদূরে পাহাড়ে বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ জন নিহত হয়। ২০১৫ সালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ আটজন নিহত হন।