পাকিস্তানে 'অপ্রাপ্তবয়স্ক' খুনির ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফতাব বাহাদুর মসিহ
আফতাব বাহাদুর মসিহ

প্রায় দুই দশক আগের হত্যার ঘটনায় সাজা পাওয়া এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে পাকিস্তানে। গতকাল বুধবার সকালে আফতাব বাহাদুর মসিহ নামে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। খুনের ঘটনার ওই সময় আফতাব অপ্রাপ্তবয়স্ক ছিলেন—তাঁর আইনজীবীদের এ দাবির কারণে এ নিয়ে মানবাধিকারকর্মীসহ বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে।
এদিকে মৃত্যুদণ্ড পাওয়া আরেক ‘অপ্রাপ্ত বয়স্ক খুনি’ শাফকাত হোসেনের আপিল গতকাল সকালে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এখন তাঁর ফাঁসি কার্যকরের প্রহর গোনার পালা। খবর এএফপির।
আইনজীবী ও গির্জার নেতারা বলছেন, খুনের ওই ঘটনার সময় আফতাব বাহাদুরের বয়স ছিল ১৫ বছর। পাকিস্তানের আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক আসামির ফাঁসির বিধান নেই। তাই আফতাবের মৃত্যুদণ্ড রহিত করা হোক। কিন্তু সরকারি কর্তৃপক্ষ দাবি করছে, ঘটনার সময় আফতাব প্রাপ্তবয়স্কই ছিলেন। প্রসঙ্গত, আফতাব বাহাদুর মসিহ খ্রিষ্টধর্মাবলম্বী।
লাহোরের কোট লাখপত কারাগারের এক কর্মকর্তা বলেছেন, গতকাল সকালে ফাঁসিতে ঝুলিয়ে আফতাবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদিকে মানবাধিকারকর্মীদের জোর তৎপরতার প্রেক্ষাপটে গত মঙ্গলবার শাফকাত হোসেনকে ফাঁসিতে ঝোলানোর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হলেও গতকাল সুপ্রিম কোর্ট তাঁর আপিল খারিজ করে দিয়েছেন। এখন তাঁর মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা নেই।
শাফকাতের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করে আসছেন, ২০০৪ সালে একটি শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় যখন তাঁকে দোষী সাব্যস্ত করা হয়, তখন শাফকাতের বয়স ছিল মাত্র ১৪ বছর।
পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে পেশোয়ারের স্কুলে জঙ্গিদের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের পর থেকে অন্তত ১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।
শাফকাতের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের দাবিতে গত সোমবার লন্ডনে একদল মানবাধিকারকর্মী পাকিস্তান হাইকমিশনে স্মারকলিপি দেয়। এতে বলা হয়, পাকিস্তানি ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে কোনো কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।