পাকিস্তানে 'জাতীয় শত্রুদের' বিচারে প্রথম শুনানি
পাকিস্তানে ‘জাতীয় শত্রুদের বিচারে’ গঠিত আদালতের প্রথম শুনানি হয়েছে গত শুক্রবার। গত বছর ‘পাকিস্তান সুরক্ষা আইন’-এর আওতায় এই আদালত গঠন করা হয়। খবর ডনের।
শুক্রবার এই আদালতে একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের ১২ সদস্যের বিচারের শুনানি হয়। বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়। ডিএসপি নাসির বাজওয়ার নেতৃত্বে গঠিত তদন্ত দল অভিযুক্ত আগা তাহিরসহ অন্যদের আদালতে হাজির করে। বাজওয়া আদালতকে বলেন, বিদ্বেষমূলক প্রচারণার নানা সামগ্রীসহ এদের গ্রেপ্তার করে পুলিশ। আদালত জানান, আগামীকাল সোমবার থেকে অভিযুক্তদের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট মামুন হুসেইন ২০১৩ সালের অক্টোবরে পাকিস্তান সুরক্ষা আইন জারি করেন। পাকিস্তানের জাতীয় পরিষদ ২০১৪ সালে আইনটি পাস করে। গত বছরের জানুয়ারিতে এই আইনে নতুন আদালত গঠিত হয়। এই আইন বলবৎ হওয়ার পর পাকিস্তানের লাহোর পুলিশ এ যাবৎ ২০০ মামলা করেছে।