পাকিস্তানে 'প্রতিশোধের' বোমায় নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আদালত প্রাঙ্গণে গতকাল সোমবার আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবানের (টিটিপি) একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া গোষ্ঠী জামাতুল আহরার এই হামলার দায় স্বীকার করেছে। খবর ডনের।
প্রচারমাধ্যমে পাঠানো এক ই-মেইলে জামাতুল আহরার দাবি করেছে, পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকরের প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে তারা।
উদারপন্থী রাজনীতিক সালমান তাসির পাকিস্তানের বিতর্কিত ধর্ম অবমাননা আইনের সমালোচনা করায় নিজের উগ্রপন্থী দেহরক্ষী কাদরি তাঁকে হত্যা করেছিলেন।
খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের চারসাদা জেলার শবকদর শহরের একটি আদালতে গতকালের ওই হামলায় ৩০ জনের বেশি আহত হয়। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও এক পুলিশ সদস্য রয়েছেন বলে চারসাদা জেলা পুলিশ প্রধান সোয়াহেল খালেদ নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপি স্থানীয় পুলিশ কর্মকর্তা ফায়েজ খানকে উদ্ধৃত করে জানায়, এক আত্মঘাতী বোমা হামলাকারী আদালত প্রাঙ্গণে নিজেকে উড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি বিকট বিস্ফোরণের পর তাঁরা গোলাগুলির শব্দ শুনতে পান।
সাপ্তাহিক ছুটির পর গতকালই আদালত খুলেছিল। এ কারণে আদালত প্রাঙ্গণে লোকসমাগমও ছিল বেশি। বিস্ফোরণের পর আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। শবকদর হাসপাতাল সাতটি লাশ পেয়েছে বলে জানিয়েছে।
টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো ফুটেজে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অন্তত দুটি গাড়ির ধ্বংসাবশেষ দেখা গেছে। শবকদর শহরটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। সাম্প্রতিক সময়ে এই এলাকায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এটি উপজাতি অধ্যুষিত মোহমান্দ এলাকার কাছাকাছি। কেপি প্রদেশের সাতটি আধা স্বায়ত্তশাসিত এলাকার একটি এটি।